পিএনএস ডেস্ক: ডি আর কঙ্গোর ফুটবল সমর্থকদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ মিশেল এনকুকা ম্বোলাডিঙ্গা। তবে সাধারণ সমর্থকদের মতো চিৎকার-চেঁচামেচি নয়, ৯০ মিনিট স্থির দাঁড়িয়ে থেকেই তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে তার উপস্থিতি নতুন করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
‘লুমুম্বা ভেয়া’ নামে পরিচিত ম্বোলাডিঙ্গা ডি আর কঙ্গোর স্বাধীনতার নায়ক ও প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার ভঙ্গি অনুসরণ করেন। রাজধানী কিনশাসায় থাকা লুমুম্বার স্মৃতিস্তম্ভের মতোই তিনি ডান হাত উঁচু করে সম্পূর্ণ স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকেন।
এই অনন্য ভঙ্গির কারণেই তিনি ‘স্ট্যাচু ফ্যান’ বা ‘জীবন্ত ভাস্কর্য সমর্থক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস থেকে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন ম্বোলাডিঙ্গা। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি ডি আর কঙ্গোর জাতীয় পরিচয়ের এক প্রতীক হয়ে ওঠেন। বিশ্বকাপের শুরুতে তিনি ডি আর কঙ্গোর প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারেননি।
ইবোলা প্রাদুর্ভাবের কারণে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ও ২১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তাকে। পরে কঙ্গো ফুটবল ফেডারেশনের সহায়তায় তিনি মেক্সিকোতে দলের সঙ্গে যোগ দেন এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্যালারিতে দেখা যায় তাকে।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ডি আর কঙ্গো সাহসী লড়াই করলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার মানে। তবু ম্যাচের অন্যতম আলোচিত বিষয় ছিল গ্যালারিতে মিশেল এনকুকার উপস্থিতি।
অসংখ্য দর্শক তার সঙ্গে ছবি তুলেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমও তাকে ম্যাচের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরেছে। পুরো একটি জাতির ইতিহাস, দেশপ্রেম ও সংস্কৃতির এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন মিশেল এনকুকা ম্বোলাডিঙ্গা।
পিএনএস/এমএইউ
বিশ্বকাপে ৯০ মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে ভাইরাল কঙ্গো সমর্থক লুমুম্বা
25-06-2026 02:06PM

