পিএনএস ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে এ সফর করবেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
পিএনএস/এমএইউ
খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার
30-06-2026 04:35PM

