পিএনএস ডেস্ক : ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরকালে শুক্রবার (৩ জুন) তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে স্পিকার গালিবাফ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইরান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের ঐতিহ্য রয়েছে। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি চলমান শান্তিপ্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধানে এই ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগাবে।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।
পিএনএস /এএ
ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
03-07-2026 07:11PM

