জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

  03-07-2026 02:42PM


পিএনএস ডেস্ক: ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে জয়ের উল্লাসের চেয়েও বেশি আলো কেড়েছে ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক আবেগঘন মুহূর্ত।

প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে গ্যালারির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান পর্তুগিজ অধিনায়ক। জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত হাজারো দর্শককে।

শুক্রবার (৩ জুলাই) জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে সতীর্থকে হারানোর শোক স্মরণ করে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে সেই জার্সি উঁচিয়ে ধরে আবেগঘন শ্রদ্ধা জানান সিআরসেভেন। রবার্তো মার্টিনেজের শিষ্যরা মাঠের লড়াইয়ে জয় পেলেও, ম্যাচ শেষে তাদের পুরো আবেগ উৎসর্গ করা হয় অকালে ঝরে যাওয়া এক ফুটবল নক্ষত্রের স্মৃতির প্রতি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই পর্তুগাল শিবিরে ছিল জোতার স্মৃতিময় আবহ। ম্যাচ শুরুর আগে টরন্টোর স্টেডিয়ামে পর্তুগালের জাতীয় সংগীত বাজানোর সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে প্রয়াত এই তারকার একটি ছবি। গত বছর ঠিক এই দিনেই মাত্র ২৮ বছর বয়সে স্পেনের সান্তান্দার শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ (২৫) প্রাণ হারান দিওগো জোতা। যুক্তরাজ্যে ফেরার পথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার এক বছর পূর্তির রাতে মাঠের লড়াইয়ে রোনালদো ও গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগাল।

ম্যাচের শেষ মুহূর্তে জোসকো গাভার্দিওলের গোলটি ভিএআরে বাতিল হলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। শেষ বাঁশি বাজার পর সব ধরনের উদযাপন একপাশে সরিয়ে রেখে রোনালদো ও পুরো দল জোতার ঐতিহাসিক ২১ নম্বর জার্সিটি দুহাতে উঁচিয়ে গ্যালারির দিকে এগিয়ে যান। আবেগময় সেই দৃশ্য উপস্থিত হাজারো ফুটবলপ্রেমীর চোখে জল এনে দেয়।

দিয়েগো জোতার প্রতি পর্তুগাল দলের এই ভালোবাসা অবশ্য নতুন নয়। চলমান ২০২৬ বিশ্বকাপজুড়েই জোতার স্মরণে বিশেষ কালো রিস্টব্যান্ড পরে মাঠে নামছেন রোনালদো, বার্নার্দো সিলভাসহ দলের ফুটবলাররা। এমনকি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের উদ্বোধনী ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার বাবা-মা। তাদের সামনেই জায়ান্ট স্ক্রিনে বিশেষভাবে স্মরণ করা হয়েছিল তাদের সন্তানকে।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন