বিশ্বকাপ ফুটবল: রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে কোপে আহত এক বিএনপি নেতা মারা গেছেন। নিহত মো. আবুল বাসার বাদশা (৩০) নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। ওই ঘটনায় আহত একই ইউনিটের বিএনপি সভাপতি মো. সাদ্দাম (৩৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির এই দুই নেতাকে কোপানোর ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পিএনএস/রাআ
ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
02-07-2026 01:56AM

