ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, মামলার পর গ্রেফতার ৩

  03-07-2026 10:32PM

পিএনএস ডেস্ক: ঢাকার ধানমন্ডিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. রিপন (৩৫), সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) ও টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ধানমন্ডি মডেল থানার বরাত দিয়ে তিনি জানান, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ধানমন্ডি থানাধীন ৭ নম্বর রোড এলাকায় এক নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু রাতে একটি জিম থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাতপরিচয় চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এরপর ধারালো চাপাতি বের করে তাদের গলায় ধরে আতঙ্ক সৃষ্টি করে একটি আইফোন (iPhone 17 Pro Max ও Samsung Galaxy S22 Ultra) মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় এক বন্ধু বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায়, এতে তার বাম হাতের কবজির ওপর কেটে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। ধানমন্ডিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ, চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন