পিএনএস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নবগঠিত যুবদল কমিটি সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নেও যুবদল ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির এটিই ছিল প্রথম কর্মসূচি।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আন্দোলনের নেত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যুবদলের নেতাদের নিয়ে এসেছেন। সেখানে বিশেষ দোয়া করা হয়েছে, যাতে নতুন নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে এবং দেশের কল্যাণে কাজ করতে সক্ষম হয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। তারুণ্যের শক্তির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। নতুন কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পিএনএস/এএ
যুবদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের
13-06-2026 08:26PM

