গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সভাপতিত্ব করেন তারেক রহমান

  11-07-2026 10:27PM

পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আটটার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৯টা ৫০ মিনিটে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, গুলশান-২–এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন