সাভারে হামলা: পুলিশের নিরপেক্ষতার প্রমাণ চাই: নাহিদ ইসলাম

  07-07-2026 12:56AM

পিএনএস ডেস্ক: সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলাজনিত থেকে এটার পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এ ধরনের ঘটনায় আমাদের প্রটেক্ট (রক্ষা) করতে পারবে না। কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে, তবে বুঝবো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ বলছে, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা, এটার ওপরই পরিষ্কার হয়ে যাবে পুলিশ বাংলাদেশে আসলে কতটা সুরক্ষা দিতে পারে। আমরা দেখেছি পুলিশ উপস্থিত ছিল। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের আমরা কোনো সক্রিয়তা দেখিনি। হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিছু পুলিশ চলে গেছে। তারা বলছে, চেষ্টা আছে।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এখন আমরা দেখতে চাই, মুখে নয়, গ্রেফতার করার মাধ্যমে তাদের যে চেষ্টা আছে ন্যায়বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার এটা আমরা প্রমাণ পাবো যদি গ্রেফতার করতে পারে।

তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত দুইজন আহতের খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাব তাদের দেখতে। আমাদের জুলাই পদযাত্রা চলমান থাকবে। যা কিছু হোক, চলমান থাকবে।

এ সময় তার সঙ্গে মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন