নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ!

  19-06-2026 12:07AM

পিএনএস ডেস্ক: চোটের কারণে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় হাইতির বিপক্ষেও নেইমারকে পাবে না ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গ্রুপ সি’র হাইতির বিপক্ষে ম্যাচে অংশ নিতে ফিলাডেলফিয়ায় দলের সঙ্গে সফর করবেন না এই তারকা ফরোয়ার্ড।

বিবৃতিতে সিবিএফ জানায়, নেইমার নিউ জার্সিতেই থেকে যাবেন এবং পুনর্বাসনের শেষ ধাপটি সম্পন্ন করবেন। বিবৃতিতে বলা হয়, ‘তিনি নিউ জার্সিতেই থাকবেন, যাতে সুস্থ হয়ে ওঠার শেষ ধাপটি আরও ভালোভাবে সম্পন্ন করা যায়।’

একমাস ধরে ডান পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন নেইমার। এই সময়ের মধ্যে তিনি এখনও পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি। বুধবার মোরিসটাউনে প্রথমবারের মতো তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন। সেই অনুশীলনে তাকে দেখা যায় রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালায়েস এবং ফ্যাবিনহোর সঙ্গে।

অনুশীলনের শুরুতে দলের সঙ্গে কিছু কাজ করলেও পরে আলাদা হয়ে কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ব্যক্তিগত রিহ্যাব ও ফিটনেস অনুশীলনে ফিরে যান নেইমার। মঙ্গলবারও তিনি একা অনুশীলন করেছিলেন, যা যুক্তরাষ্ট্রে আসার পর তার প্রথম মাঠে ফেরার মতো প্রস্তুতি ছিল।

সোমবার থেকে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ব্রাজিল ক্যাম্পে নেইমা গ্রেড-২ মাসল ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনরায় মেডিকেল পরীক্ষা করান। তবে সেই পরীক্ষার ফল এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করেনি সিবিএফ।

চোট থাকা সত্ত্বেও টুর্নামেন্টের জন্য তাকে স্কোয়াডে রেখেছিল ব্রাজিল। ধারণা করা হচ্ছে, শুধু হাইতি স্কটল্যান্ডের বিপক্ষেও নেইমারকে পাওয়া যাবে না। দলীয় মেডিকেল স্টাফরা আশা করছেন, নকআউট পর্বের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করেছিল। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে মাঠে নামবে তারা, এরপর ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন