পিএনএস ডেস্ক : কিলিয়ান এমবাপের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ফরাসি অধিনায়ক। প্রতিপক্ষের অর্ধ থেকে বল নিয়ে দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের মুখোমুখি হলেও তার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।
তবে সেই আক্ষেপ বড় হয়ে দাঁড়ায়নি। এমবাপের জোড়া গোল এবং উসমান দেম্বেলের এক গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। এর আগে সেনেগালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে আগেভাগেই শেষ ৩২-এর টিকিট কেটে নিয়েছে।
ম্যাচের ৫৪ মিনিটে ইরাকি গোলরক্ষক বাসিলের মারাত্মক ভুলে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬তম গোলটি করেন এমবাপে। গোল কিক থেকে তাহসিন বল বাড়ান বাম পাশে থাকা গোলরক্ষকের কাছে। কিন্তু দূরে বল পাঠাতে গিয়ে তিনি ভুল করেন। বল চলে যায় কাছেই থাকা দেম্বেলের কাছে। পিএসজি ফরোয়ার্ড দ্রুত ফাঁকায় থাকা এমবাপেকে বল বাড়িয়ে দেন। গোললাইনে একজন ডিফেন্ডার অবস্থান করলেও নিখুঁত ফিনিশে বল জালে পাঠান ফরাসি তারকা। টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল এবং ফ্রান্স ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন এমবাপে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামলে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে তার সামনে। সর্বোচ্চ ১৮ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।
৬৬ মিনিটে উসমান দেম্বেলের গোলে ব্যবধান ৩-০ হয়। গোলটির শুরু করেন মাইকেল অলিসে। তার দারুণ পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ডান দিকে এগিয়ে যান দেম্বেলে এবং শক্তিশালী শটে পোস্টের বাম দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।
এর আগে ম্যাচের ১৪ মিনিটে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে প্রথম গোলটি করেন এমবাপে। তার শট ইরাকের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় অলিসের কাছে। তিনি ব্যাকপাস দিলে সেখান থেকে গোল করেন এমবাপে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর সমানেও পৌঁছে যান তিনি।
সেনেগালের বিপক্ষে আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এমবাপে। ইরাকের বিপক্ষেও একই কীর্তি গড়ে তিনি গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে গেলেন। চার গোল নিয়ে তিনি এখন লিওনেল মেসির খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।
প্রথমার্ধে এমবাপের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স। বজ্রপাতের ঝুঁকির কারণে ম্যাচ শুরু হতে প্রায় সোয়া দুই ঘণ্টা বিলম্ব হলেও শেষ পর্যন্ত স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।
পিএনএস /এএ
দুর্দান্ত এমবাপে, ইরাককে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
23-06-2026 10:37AM

