৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

  29-06-2026 03:30PM


পিএনএস ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন পেশাদার আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। দীর্ঘ ৭৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অনুসন্ধানের পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৮৭ সালে আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নেওয়া লুকাস ত্রেহো পেশাদার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, স্পেন, গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে গত ১০ বছর ধরে তিনি ভেনিজুয়েলার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতেন। বর্তমানে তিনি ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরাতে খেলছেন।

গত ২৪ জুন যখন ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে জোড়া ভূমিকম্প আঘাত হানে, তখন ত্রেহো ক্লাবের হয়ে কোপা ভেনিজুয়েলার ম্যাচ খেলতে রাজধানী কারাকাসে ছিলেন। তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা, ছেলে আরন ত্রেহো ও মেয়ে আইনহোয়া ত্রেহো লা গুয়াইরার প্লায়া গ্র্যান্ডেতে নিজেদের অ্যাপার্টমেন্টে ছিলেন। ভবনটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

পরিবারের নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লুকাস ত্রেহো বলেন, ‘প্লায়া গ্র্যান্ডেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন এবং এই বার্তাটি শেয়ার করুন— যদি কেউ তাদের দেখে থাকেন। আমি বিশ্বাস করতে চাই যে তারা সেখানে ছিল না। প্লিজ আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’

ভেনেজুয়েলায় আঘাত হানা এই প্রলয়ংকরী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০০ জন এবং আহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন