আসছে বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে কখন এবং কোথা থেকে

  11-02-2026 12:55PM

পিএনএস ডেস্ক: আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। বলয়াকার সূর্যগ্রহণ, যাকে অনেকেই ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় বলে ডাকেন। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশ বা ভারত থেকে এই চমৎকার দৃশ্যটি দেখার সুযোগ নেই।

রিং অব ফায়ার আসলে কী?

যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, কিন্তু চাঁদ পৃথিবী থেকে দূরে থাকায় সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখনই এই গ্রহণ হয়।

এসময় সূর্যের মাঝখানে চাঁদের ছায়া থাকলেও চারপাশ দিয়ে আলোর একটি উজ্জ্বল বৃত্ত দেখা যায়, যা দেখতে আগুনের আংটির মতো লাগে।

কখন ঘটবে এই গ্রহণ?

নাসার তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে এই গ্রহণ শুরু হবে। যা আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৭টা ১ মিনিটে (ইউটিসি)। আগুনের বলয় বা বলয়াকার অংশটি প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী হতে পারে।

কোথা থেকে দেখা যাবে?

মূলত অ্যান্টার্কটিকার দুর্গম এলাকা থেকে এটি স্পষ্ট দেখা যাবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকেই এটি দেখা যাবে না।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যারা এই গ্রহণ দেখার সুযোগ পাবেন, তারা যেন ভুলেও খালি চোখে সূর্যের দিকে না তাকান।

এটি চোখের স্থায়ী ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য অবশ্যই অনুমোদিত বিশেষ চশমা ( আইএসও ১২৩১২-২) ব্যবহার করতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন