আর্জেন্টিনা ম্যাচে বিতর্কিত রেফারিং, ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

  20-06-2026 01:03AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়া। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আলজেরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথমার্ধের একটি ঘটনা। তাদের দাবি, আর্জেন্টাইন অধিনায়ক মেসি এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফের ওপর আঘাত করেন। ঘটনাটির পর আলজেরিয়ার খেলোয়াড় ও সমর্থকরা মেসির বিরুদ্ধে লাল কার্ডের দাবি তুললেও ম্যাচ কর্মকর্তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।

বিতর্কিত সেই সিদ্ধান্তের পর ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন মেসি। তিনি হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সজিমন মার্সিনিয়াক। উল্লেখ্য, তিনি ২০২২ সালে বিশ্বকাপ ফাইনালও পরিচালনা করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

এখন ফিফা আলজেরিয়ার অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর ফুটবল বিশ্বের।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন