দেশের আকাশে দেখা যাবে 'ব্লু মুন'

  31-05-2026 08:09PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য এক অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আজ রোববার রাতের আকাশে দেখা মিলবে এক বিরল মহাজাগতিক দৃশ্য ‘ব্লু মুন’ বা নীল চাঁদ। চলতি মে মাসের গত ১ তারিখে বছরের একটি পূর্ণিমা সম্পন্ন হওয়ার পর আজ ৩১ মে একই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পূর্ণিমা দেখা যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী একই ইংরেজি ক্যালেন্ডার মাসের মধ্যে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় চাঁদটিকে ‘ব্লু মুন’ বলা হয়। এই বিরল ঘটনার কারণে চলতি ২০২৬ সালে স্বাভাবিক ১২টি পূর্ণিমার পরিবর্তে মোট ১৩টি পূর্ণিমা দেখার সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী।

জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, ‘ব্লু মুন’ বা নীল চাঁদ নামের সঙ্গে চাঁদের রঙের পরিবর্তনের কোনো সরাসরি সম্পর্ক নেই, এটি মূলত একটি নিখুঁত সময়ের হিসাব। চাঁদের নিজস্ব কক্ষপথের চক্র বা লুনার সাইকেলের সঙ্গে আমাদের প্রচলিত ক্যালেন্ডার বছরের দিন ও মাসের হিসাব পুরোপুরি না মেলার কারণেই এই মহাজাগতিক ঘটনাটি ঘটে থাকে।

সাধারণত পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার ঘূর্ণনের ওপর ভিত্তি করে একটি দিন এবং সূর্যের চারপাশে পৃথিবীর একবার প্রদক্ষিণের ওপর ভিত্তি করে একটি বছর গণনা করা হয়। অন্যদিকে পৃথিবীর চারপাশে চাঁদের ঘূর্ণনের ওপর ভিত্তি করে চাঁদের মাসের হিসাব নির্ধারিত হয়, যেখানে সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি মাসে একটি মাত্র পূর্ণিমা হয়ে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের ঋতুভিত্তিক আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রাচীনকাল থেকে বিভিন্ন মাসের পূর্ণিমার ঐতিহ্যগত নামকরণ করা হয়ে থাকে। যেমন ফেব্রুয়ারি মাসের পূর্ণিমাকে বলা হয় স্নো মুন, জুন মাসের পূর্ণিমাকে স্ট্রবেরি মুন এবং ডিসেম্বর মাসের তীব্র শীতের পূর্ণিমাকে কোল্ড মুন বলা হয়। তবে চাঁদের ১২টি পূর্ণাঙ্গ চক্র সম্পন্ন হতে আমাদের সাধারণ সৌর ক্যালেন্ডার বছরের চেয়ে প্রায় ১১ দিন কম সময় লাগে। এই সময়ের পার্থক্যের কারণে প্রতি আড়াই বা তিন বছর পরপর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত পূর্ণিমা যুক্ত হয়ে যায়, যার ফলে একই মাসের মধ্যে দুবার পূর্ণিমার অবয়ব দেখা মেলে।

আজ রাতের আকাশে এই কাঙ্ক্ষিত ‘ব্লু মুন’ বাংলাদেশের পূর্ব আকাশে উদিত হবে। তবে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় এটিকে আকাশের কিছুটা নিচের দিকে বা দিগন্তের বেশ কাছাকাছি অবস্থানে দেখা যাবে বলে গবেষকেরা জানিয়েছেন। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ রাতের আকাশে চাঁদটি মূলত ‘কনস্টেলেশন ভার্গো’ বা কন্যা রাশি নক্ষত্রমণ্ডলের ঠিক ডান পাশে অবস্থান করবে, যা খালি চোখেই স্পষ্ট উপভোগ করা যাবে।

সূত্র: এনডিটিভি

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন