ভিসা বাতিল নিয়ে যা বললেন আজহারী

  02-04-2026 02:08AM

পিএনএস ডেস্ক: ভিসা বাতিল করায় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

বুধবার (১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার ভিসা বাতিল হওয়ার বিষয়টি স্বীকার করেন আজহারী নিজেই। যদিও এ খবরকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে বলে দাবি তার।

এই ইসলামি বক্তার দাবি, একটি মহল অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ওই পোস্টে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।’

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র ডেইলি মেইল বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে একটি বক্তব্য দেন আজহারী। সেই বক্তৃতায় তিনি হিটলারের প্রশংসা করেন এবং ইহুদি গণহত্যাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বলেছিলেন।

গত ২৭ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বেশ কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল তার। বর্তমানে তাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। গণমাধ্যমের বিভিন্ন সূত্র অনুযায়ী, খুব দ্রুত তাকে বিমানে তুলে পাঠানো হবে বলেও জানা গেছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন