কিশোরগঞ্জে স্কুল ফিডিংয়ের পোকা ধরা নিম্নমানের খাবার বিতরণ

  01-07-2026 01:50PM


পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচিতে পোকা ধরা ইউএইচটি দুধের প্যাকেট ও নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ অভিভাবক ও সচেতন মহলে ছড়িয়েছে।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগের কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা যায়, গত ১১ থেকে ২২ জুন পর্যন্ত বাজিতপুর উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ গ্রুপের নরসিংদী ডিপোর মাধ্যমে ইউএইচটি দুধ সরবরাহ করা হয়। সরবরাহের পর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয় থেকে দুধের মান নিয়ে অভিযোগ আসে।

সোমবার (২৯ জুন) ৪ নম্বর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি সংক্রান্ত কাজে গিয়ে এক অভিভাবক বিদ্যালয়ে সংরক্ষিত দুধের প্যাকেট দেখতে পান। তার দাবি, কয়েকটি প্যাকেটে ধুলাবালি ও ময়লা জমে ছিল। এছাড়া কিছু প্যাকেটের গায়ে ১০ থেকে ১৫টি পর্যন্ত পোকা চলাফেরা করতে দেখেন তিনি। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান।

ওই অভিভাবক বলেন, ‘আমি আগে কখনো স্কুলে এসে দুধ দেখিনি। আজ যে অবস্থা দেখলাম, তাতে মনে প্রশ্ন জাগছে; আমাদের শিশুদের কি দীর্ঘদিন ধরেই এমন দুধ খাওয়ানো হচ্ছে? যে খাবার একজন সুস্থ মানুষ দেখলেও খেতে চাইবে না, সেটি কীভাবে শিশুদের দেওয়া হবে?’

একই ধরনের অভিযোগ উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে নষ্ট ও নিম্নমানের দুধ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে আলাদাভাবে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রমাণ হিসেবে ছবি, ভিডিও ও নষ্ট দুধ সংরক্ষণ করতে বলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুধের প্যাকেটগুলো বিতরণের জন্য রাখা হয়নি; বরং অভিযোগের প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। পরে ক্ষতিপূরণ হিসেবে কয়েকটি বিদ্যালয়ে নতুন দুধ সরবরাহ করা হয়েছে।

তবে পুরো প্রতিবেদনে কোথাও দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগের উল্লেখ নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং কয়েকজন অভিভাবকের বক্তব্যে পোকা দেখা যাওয়ার দাবি উঠে এসেছে। এ কারণে প্রশ্ন উঠেছে, পোকা পাওয়ার অভিযোগটি তদন্ত করা হয়েছে কি না; হয়ে থাকলে তার ফলাফল প্রতিবেদনে কেন প্রতিফলিত হয়নি? এছাড়া বিষয়টি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে কি-না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’ তবে দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগ সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের মতে, সরকারি অর্থায়নে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। তাই শুধু নষ্ট দুধ পরিবর্তন করাই যথেষ্ট নয়; দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগসহ সব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বৈজ্ঞানিক তদন্ত হওয়া জরুরি। তদন্তের ফলাফল প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন