রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

  29-06-2026 09:09PM

পিএনএস ডেস্ক : 'রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা পাইরোলাইসিস কোম্পানি নামে একটি বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৯ জুন) সকাল ৯টায় শাওন মুন্ডা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিক সোহেল রানা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

নিহত শ্রমিক সোহেল রানা (২৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে। অপর শ্রমিক শাওন মুন্ডা (১৬) মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে। এর আগে গত ২৫ জুন সকালে কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, আহত শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আহত দুইজন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন