তন্দ্রাকে পেতে চীন থেকে যশোরে হাজির লি বিং, অতঃপর...

  01-07-2026 05:46PM


পিএনএস ডেস্ক: যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মেয়ে তন্দ্রা খাতুনের প্রেমের টানে চীনের বেইজিং থেকে বাংলাদেশে এসে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন লি বিং নামে এক যুবক।

গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরে ১৯ জুন সন্ধ্যায় ধর্মীয় ও আনুষ্ঠানিক রীতি মেনে তন্দ্রার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। 

ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই চাইনিজ জামাইকে একনজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম 'হ্যালো টকের’ মাধ্যমে লি বিংয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরবর্তীতে তা গড়ায় 'উইচ্যাটে’। নিয়মিত কথা বলতে বলতে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। প্রায় ৮ মাসের সম্পর্কের পর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তাতে দুই পরিবারেরই সম্মতি মেলে।

তিনি আরও জানান, লি বিং বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরি সংস্থায় কর্মরত। বিয়ের আগে তিনি নির্দিষ্ট কোনো ধর্ম অনুসরণ করতেন না। লি এখন তাদের বাড়িতেই আছে। ভিসার যাবতীয় প্রক্রিয়া শেষ হলেই তন্দ্রা তার সঙ্গে চীনে চলে যাবেন।

এদিকে বাংলাদেশে বিয়ে করে এই চীনা তরুণের অনুভূতি দারুণ। তিনি ভাঙা ভাঙা গলায় বলেন, আমার বউ খুব ভালো। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। বউয়ের পরিবারের মানুষ ও আত্মীয়-স্বজনরা ভীষণ দয়ালু। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না।

তন্দ্রার মা শিউলি বেগম জানান, দুই পরিবারের সম্মতিতেই সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। জামাই হিসেবে লি বিংকে পেয়ে তিনি খুশি।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন