সব প্রাথমিক শিক্ষার্থীকে পাটের ব্যাগ দেওয়া হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  20-07-2026 10:37PM

পিএনএস ডেস্ক: সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পাটের স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে। এ উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পাটের ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ দেওয়ার এ কার্যক্রম নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির ব্যাগ উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পাইলট প্রকল্পের আওতায় পাটের স্কুল ব্যাগ উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতি বিদ্যালয়ে গড়ে ২০০ শিক্ষার্থী বিবেচনায় নিয়ে পাইলট পর্যায়ে ৯৯ হাজার শিক্ষার্থীকে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে। ব্যাগ উৎপাদনের কাজে ৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে এবং জেডিপিসি পিএলসির মাধ্যমে এসব ব্যাগ সংগ্রহ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনীয় পাটবীজ আমদানি করতে হয়। পাটের বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। একই সঙ্গে পাট চাষিদের প্রশিক্ষণ ও ঋণদান এবং পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, দেশের অনেক নদী, নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকরা সময়মতো পাট জাগ দিতে পারছেন না, যা পাটের গুণগত মান ও উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এরই মধ্যে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। পাট চাষি ও পাট শিল্পকে সুরক্ষা দিতে সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন