শিক্ষকতা করতে এসে শিক্ষার্থীকে বিয়ে করলেন চীনা অধ্যাপক

  19-07-2026 12:49AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খণ্ডকালীন শিক্ষকতা করতে এসে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী ও হল সংসদের সহ-সাধারণ সম্পাদককে (এজিএস) বিয়ে করেছেন ঝিহুয়া ঝাং নামে এক চীনা অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ঝিহুয়া ঝাংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

গত ১৪ জুলাই অনাড়ম্বর আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সুমাইয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ঝিহুয়া ঝাংও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের তথ্য প্রকাশ করেন।

সুমাইয়া আক্তার ক্যাম্পাসে পিঠা বিক্রির উদ্যোগ নিয়ে একসময় আলোচনায় এসেছিলেন। ক্যাম্পাস থেকে দূরে গিয়ে টিউশনি করার পরিবর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে তিনি শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হন। পরে গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের এজিএস নির্বাচিত হন।

অপরদিকে বর ঝিহুয়া ঝাং চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের রাজধানী জিনানের বাসিন্দা। তিনি শানদং ইউনিভার্সিটির তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর। ২০২৫ সালের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিয়ের ঘোষণা দিয়ে সুমাইয়া আক্তার জানান, বিয়ের আগে ঝিহুয়া ঝাং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ঝিহুয়া ঝাং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এই বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন