সচিবালয়ের অভিমুখে 'লংমার্চ' শিক্ষার্থীদের

  15-07-2026 04:42PM

পিএনএস ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার পর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিলসহ সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে টিএসসি অতিক্রম করে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।

সরেজমিনে দেখা যায়, মিছিলে বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। লংমার্চকে কেন্দ্র করে নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি এবং দোয়েল চত্বরের দিকে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের কোনো অবস্থান না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখান থেকে সরে যান। পরে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে। এরপর বিকাল ৩টার পর তারা অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু করে।

এদিকে বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব, মগবাজার ও নীলক্ষেতকে সমাবেশস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ উঠে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এসব ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে ৮ দফা এবং পরে ৩ দফা দাবি উত্থাপন করে। তাদের দাবির মধ্যে রয়েছে— উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান, শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

যদিও মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পাশাপাশি কয়েকটি বিষয়ের সমাধানের ঘোষণা দেন, তবুও শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন