লাকী আখান্দর অজানা গল্প

  08-06-2026 10:56PM

পিএনএস ডেস্ক: বাংলা গানের কিংবদন্তিতল্য সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দের জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করেছেন তার অসংখ্য ভক্ত, অনুরাগী ও সহশিল্পীরা। কেউ প্রকাশ করেছেন তার অপ্রকাশিত গান, কেউ আবার নতুনভাবে গেয়েছেন তার কালজয়ী সৃষ্টি। এরই মধ্যে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার শোনালেন প্রায় ২৬ বছর আগের এক অজানা গল্প।

আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাপ্পা স্মরণ করেন দলছুট ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম ‘হৃদয়পুর’র একটি গানের পেছনের ঘটনা। তিনি জানান, অ্যালবামের ‘গাছ’ গানটিতে অ্যাকর্ডিয়ান বাজিয়েছিলেন স্বয়ং লাকী আখান্দ। বিষয়টি এতদিন অনেকেরই অজানা ছিল।

স্মৃতিচারণ করে বাপ্পা লেখেন, ২০০০ সালে ‘হৃদয়পুর’ অ্যালবামের কাজ চলছিল। শেখ রানার লেখা ‘গাছ’ গানটির সুর ও সংগীতায়োজন শেষ করার পর তার মনে হয়েছিল, গানটিতে অ্যাকর্ডিয়ানের সুর প্রয়োজন। কিন্তু তখন সহজে এই বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছিল না।

খোঁজখবর নিয়ে জানতে পারেন, লাকী আখান্দের কাছে একটি অ্যাকর্ডিয়ান রয়েছে। এরপর স্টুডিও থেকেই তাকে ফোন করেন বাপ্পা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বহু সাহস সঞ্চয় করে বললাম, ‘লাকী ভাই, একটা অ্যাকর্ডিয়ান লাগবে। কোথাও পাচ্ছি না, কী করবো?’ উনি বললেন, ‘আরে, আমার কাছেই তো আছে বাপ্পা!’”

তবে অ্যাকর্ডিয়ানের ব্যবস্থা হলেও নতুন প্রশ্ন ছিল-বাদ্যযন্ত্রটি বাজাবেন কে? সেই প্রশ্নও করেছিলেন বাপ্পা। আর সেখানেই অপেক্ষা করছিল বড় চমক।

বাপ্পার ভাষ্য, “আমি বললাম, কাউকে তো পাচ্ছি না! তখন তিনি বললেন, ‘কেন? আমি বাজাবো!’ আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি এমন একজন কিংবদন্তি শিল্পী নিজে এসে বাজানোর কথা বলবেন।”

এরপর দিনক্ষণ ঠিক করে স্টুডিওতে হাজির হন লাকী আখান্দ। নিজের অ্যাকর্ডিয়ান নিয়ে গানটির জন্য সুর তোলেন তিনি। সেই মুহূর্তের স্মৃতি আজও ভোলেননি বাপ্পা।

তিনি লেখেন, “আমি আর সঞ্জীব দা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আনন্দে যেন কথাই বলতে পারছিলাম না। গানটার আবেগই বদলে গিয়েছিল লাকী ভাইয়ের বাজানোয়। ‘খোলা আকাশ, একটি গাছ’ গানে যে অ্যাকর্ডিয়ানের সুর শ্রোতারা শুনেছেন, সেটা লাকী ভাইয়ের নিজের হাতে, তার নিজের অ্যাকর্ডিয়ানে বাজানো।”

পোস্টের শেষাংশে গভীর শ্রদ্ধার সঙ্গে লাকী আখান্দকে স্মরণ করেন বাপ্পা। তিনি লেখেন, ‘এক অপার্থিব আনন্দ নিয়ে গভীর রাতে বাসায় ফিরেছিলাম। সারা রাত গানটি শুনেই কেটে গিয়েছিল। আহা লাকী ভাই! ভালো থাকুন, যেখানেই থাকুন। শ্রদ্ধা।’

প্রসঙ্গত, বাংলা সংগীতাঙ্গনের অন্যতম প্রভাবশালী নাম লাকী আখান্দ। সুর, সংগীতায়োজন ও কণ্ঠে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তার সৃষ্টি ও অবদান আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন