ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ছে, কর্মবিরতি স্থগিত

  08-06-2026 10:43PM

পিএনএস ডেস্ক: ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভাতা প্রদান এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে। এর পরিপ্রেক্ষিতে চলমান কর্মবিরতি ও ওয়ার্ক অ্যাবস কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকদের প্রতিনিধিরা।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে এ সভা অনুষ্ঠিত।

সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, এফসিপিএস পার্ট-৩ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং তা নিয়মিত পরিশোধ করা হবে। একই সঙ্গে সরকারের তৃতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় সহযোগিতা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে এমডি পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দল চলমান কর্মবিরতি ও ওয়ার্ক অ্যাবস কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন