২৫ বছর আগে পরিচয়, দীর্ঘ বিচ্ছেদ— যেভাবে এক হলেন আমির-গৌরী

  05-07-2026 03:27PM


পিএনএস ডেস্ক: আজ ৫ জুলাই চার হাত এক হচ্ছে বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাটের। মুম্বাইয়ের সমুদ্রের ধারের বাড়িতে বসছে বিয়ের আসর। তবে তৃতীয় বিয়েতে সাজসজ্জার ছিটেফোঁটা থাকছে না। সাদামাটা আয়োজনেই ফের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন গৌরীর সঙ্গে।

জীবনের ৬০ বসন্ত পেরিয়ে গৌরীর হাত ধরলেও তার সঙ্গে পরিচয় কিন্তু আমিরের আজ থেকে না। আরও ২৫ বছর আগে দেখা হয়েছিল দুজনের। জানাশোনাও তখন। এরপরই দীর্ঘ বিচ্ছেদ। তারপর ফিরে আসার গল্প। চলুন জেনে নেওয়া যাক সে অধ্যায়।

বছর পঁচিশ আগে এক পরিচিতের মাধ্যমে গৌরীর সঙ্গে আলাপ আমিরের। বন্ধুত্ব হলেও জল বেশি দূর গড়ায়নি। কাজের ব্যস্ততা, চাপসহ নানা কারণে কেউ কারও কাছে গুরুত্ব পাননি। একসময় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।

কে জানত দুজনে ভুলে গেলেও নিয়তি মনে রেখেছিল তাদের্। দ্বিতীয়বার শুরুটা হয় দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর। ফের পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে। এবার আর বন্ধুত্বের মোড়কে নিজেদের মুড়িয়ে রাখেননি তারা। সম্পর্ক রূপ নেয় প্রণয়ে।

গৌরীকে নতুনভাবে আবিষ্কারের খবর গোপন রাখেননি আমির। গুঞ্জন উঠতেই সামনে আনেন প্রেমিকাকে। সেজন্য বেছে নেন নিজের জন্মদিন। গেল বছরের বিশেষ দিনে গৌরীকে পরিচয় করিয়ে দেন সংবাদমাধ্যমের সঙ্গে।

বেঙ্গালুরুর মেয়ে গৌরী। যুক্ত ছিলেন করপোরেট দুনিয়ায়। পরে আমিরের সংস্থার কাজেও সহযোগিতা করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করতে দেখা যায়নি তাঁকে। নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবাসেন আমিরের জীবন আলোকিত করা এ নারী। আজ সাদাসিধেভাবেই আমিরের সঙ্গে কাগজ-কলমে বাঁধা পড়ছেন তিনি।



পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন