জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি কৃষ্ণ জানেন না তার মা কে!

  02-07-2026 04:53PM


পিএনএস ডেস্ক: দুই যমজ বোনকে বিয়ে করে সুখে সংসার করছেন এক ব্যক্তি। সেই সংসারে জন্ম নিয়েছে তিনটি সন্তান। তবে কেউ-ই জানেন না তাদের আসল জন্মদাত্রী মা কে!

এমনকি নিজেদের আসল মাকে খুঁজে বের করার কোনো আগ্রহও নেই তাদের। রূপকথার গল্প মনে হলেও, এটি ভারতীয় সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী শ্রুতি কৃষ্ণের জীবনের বাস্তব চিত্র।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় রাজত্ব করছেন তিনি। তিনবার রাজ্য চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, তাঁর জন্ম ও বেড়ে ওঠা এক সাংস্কৃতিক পরিবারে। তাঁর বাবা জি. ভি. কৃষ্ণ ছিলেন এক নাট্যদলের কর্ণধার। তিনি নাট্যদলের দুই যমজ বোন রাধা ও রুক্মিণীকে বিয়ে করেন।

দুই মায়ের ঘরে জন্ম নেন শ্রুতি, তাঁর ভাই অভিনেতা শরণ এবং বোন ঊষা। তবে তাঁরা কেউ জানেন না কোন সন্তান কোন মায়ের গর্ভ থেকে এসেছে।

শ্রুতি বলেন, ‘আমাদের কাছে কখনও এটা জানার কোনো প্রয়োজন মনে হয়নি। যদি জানতে চাইতাম, তবে একটা প্রশ্ন করলেই উত্তর পেয়ে যেতাম। কিন্তু আমরা আলাদা নই, আমরা বিশ্বাস করি সবাই এক। তাঁরা দুজনেই আমাদের মা। দুজনেই আমাদের সমান ভালোবাসেন। কে কার সন্তান, সেই পার্থক্য আমাদের পরিবারে কখনও ছিল না।’

১৯৯০ সালে ‘নাম্বিদ্রে নাম্বি বিট্রে বিডি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন শ্রুতি। শুরুতে ‘প্রিয়দর্শিনী’ নামে অভিনয় করলেও পরে পরিচালক দ্বারকিশের পরামর্শে নিজের ‘শ্রুতি’ সিনেমার নামানুসারে পর্দার নাম বদলে ফেলেন। সেই থেকে ‘শ্রুতি’ নামে তিনি কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন।

‘আঘাত’ সিনেমার জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ‘কল্কি’ সিনেমার জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারসহ ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি পেয়েছেন তিনি।

তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মুদ্দিনা মাভা’, ‘হেত্তা কারালু’, ‘কর্পূরাদা গোম্বে’, ‘গাট্টিমেলা’, ‘রামা শামা ভামা’, ‘আক্কা থাঙ্গি’, ‘পুত্তাক্কানা হাইওয়ে’, ‘কল্পনা’ এবং ‘কাতেরা’। তিনি কন্নড় সিনেমার জনপ্রিয় নায়ক বিষ্ণুবর্ধনের সঙ্গে ‘টাইম বম্ব’, ‘থাম্বিদা মানে’, ‘মজুগারা সোগাসুগারা’, ‘বীরাপ্পা নায়ক’, ‘সুরাপ্পা’ এবং ‘সিরিবান্থা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। মালয়ালম ভাষার সিনেমায় তাঁকে মাত্র তিনটি ছবিতে দেখা গেছে—‘ওরাল মাথ্রাম’, ‘কত্তারাম ভিত্তিল আপ্পুত্তান’ এবং ‘সিআই মহাদেবন ৫ আদি ৪ ইঞ্চি’।

পর্দায় সাফল্য পেলেও শ্রুতির ব্যক্তিগত জীবন কেটেছে বেশ ঝড়ের মধ্য দিয়ে। পরিচালক এস মহেন্দরের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সংসার ভাঙার পর ২০১৩ সালে সাংবাদিক ও কবি চক্রবর্তী চন্দ্রচূড়কে বিয়ে করেন তিনি। কিন্তু এক বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত আছেন তিনি।



পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন