সালমানের আপত্তি সত্ত্বেও বিশ্বজুড়ে মুক্তির ঘোষণা

  03-07-2026 12:28AM

পিএনএস ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে নির্মিত বলে আলোচনায় থাকা ‘কালা হিরণ’ সিনেমা মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়েছে। ছবিটির নির্মাতাদের দাবি, এটি ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামা থেকে অনুপ্রাণিত। অন্যদিকে সালমান খানের অভিযোগ, সিনেমার পোস্টার ও প্রচারণায় পরোক্ষভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষ এখন মুখোমুখি আইনি লড়াইয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘কালা হিরণ’ সিনেমার মুক্তি স্থগিত চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন সালমান খান। তবে আদালত এখনই ছবিটির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেননি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে আদালতের সিদ্ধান্তের পর নিজের অবস্থান আরও জোরালো করেছেন সিনেমাটির প্রযোজক অমিত জানি। তিনি দাবি করেন, আদালতে সালমান খান কোনো স্বস্তি পাননি।

অমিত জানি বলেন, ‘আমি আগেও বলেছি, আদালতের কাছে তারকার প্রভাব বা গ্ল্যামারের কোনো মূল্য নেই। নিজেকে বলিউডের বাপ বা জনক ভাবলেই “কালা হিরণ”র মুক্তি আটকানো যাবে না।’ তিনি আরও জানান, সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে একযোগে প্রায় ৮ হাজার পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজকের অভিযোগ, সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই ‘ডি কোম্পানি’র নাম ব্যবহার করে পাকিস্তান থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সালমান খান।

উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। তবে মামলার আইনি কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি।

সেই বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে বলে দাবি করা হচ্ছে ‘কালা হিরণ’। যদিও নির্মাতারা বলছেন, সিনেমায় কোথাও সরাসরি সালমান খানের নাম ব্যবহার করা হয়নি। তবু ছবির বিষয়বস্তু ও প্রচারণা ঘিরে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে।

মুক্তির আগেই আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ায় ‘কালা হিরণ’ নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে। এখন দেখার বিষয়, আদালতের পরবর্তী শুনানিতে সিনেমাটির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।



পিএনএ/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন