পিএনএস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের শহরগুলোকে আরও পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাটে যত্রতত্র থুতু, পানের পিক, ময়লা বা প্লাস্টিক ফেললে জরিমানার মুখোমুখি হতে হবে নাগরিকদের।
রোববার (৭ জুন) উত্তরবঙ্গ সফরকালে শিলিগুড়িতে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না, পানের পিক ফেলা যাবে না। রাস্তা নোংরা করলেই জরিমানা করা হবে। রাস্তায় প্লাস্টিক বা বর্জ্য ফেলার ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শপিংমলে গেলে আমরা ভদ্র আচরণ করি, কিন্তু রাস্তায় নামলে কেন তা করি না? পাশাপাশি দৃশ্যদূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকরের আগে নাগরিকদের সচেতন করতে তিন মাসব্যাপী প্রচারণা চালানো হবে। এরপরও কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে।
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ‘স্বচ্ছ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। কোথাও ময়লা-আবর্জনা দেখলে সাধারণ মানুষ ছবি তুলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে এবং অভিযোগকারীকে সমাধানের অগ্রগতিও জানানো হবে।
বর্তমান আইনে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে থুতু ফেললে সাধারণত ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে অতীতে আইন থাকলেও এর প্রয়োগে তেমন কঠোরতা দেখা যায়নি।
গত শুক্রবার পুর ও নগরোন্নয়ন দপ্তর শহর পরিচ্ছন্ন রাখতে ২৪ দফা নির্দেশনা জারি করেছে। এতে যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া খোলা অবস্থায় বর্জ্য পরিবহন, মন্দিরের ফুল-ফল যত্রতত্র ফেলা এবং রাস্তা ও ফুটপাত দখল করাও নিরুৎসাহিত করা হয়েছে।
রাজ্যের ১১৯টি পুরসভা, ৭টি পুরনিগম এবং ২টি নোটিফায়েড এরিয়া অথরিটির এলাকায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দপ্তর।
পিএনএস/এমএইউ
যে দেশে রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি
08-06-2026 03:03PM

