পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ‘ভেঙে গেছে’ এবং তা এখন সম্পূর্ণ অতীত বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই চরম ঘোষণা দেন।
চুক্তি নবায়নের আলোচনা প্রসঙ্গে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ। দুই পক্ষের আলোচকরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারে, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছে। সত্যি বলতে, ওই মিথ্যাবাদী ও আবর্জনার স্তূপদের পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই।
ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে দেওয়া এক ভাষণে ট্রাম্প গতকাল রাতে ইরানি ভূখণ্ডে চালানো মার্কিন বিমান হামলার তীব্র সাফাই গান। হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা এবং কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল ছোঁড়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমরা গত রাতে ইরানের চরম বিপজ্জনক ও অসুস্থ লোকদের ওপর খুব শক্তিশালী আঘাত হেনেছি। ইরান সরকার হচ্ছে একটি ক্যানসার। আর আপনারা তো জানেনই ক্যানসারের সঙ্গে কী করতে হয়— একে একদম শুরুতেই কেটে ছেঁটে ফেলে দিতে হয়। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, মার্কিন প্রশাসন সেই অবস্থানেই অনড় রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
আঙ্কারার এই হাই-ভোল্টেজ মঞ্চে ট্রাম্প শুধু ইরান বা স্পেনের ওপর ক্ষোভ ঝাড়েননি, বরং খোদ ন্যাটো সামরিক জোটের মিত্র দেশগুলোর ওপরও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের ভূয়সী প্রশংসা করলেও মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এই সামরিক জোটের ওপর মোটেও খুশি নই। বিশ্বের এক নম্বর সন্ত্রাসী মদদদাতা দেশ ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এই ন্যাটো মিত্ররা আমাদের কোনো সাহায্যই করতে চায়নি। ফ্রান্স, জার্মানি, ইতালির মতো দেশগুলো সরাসরি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র ‘অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি ডলার বেশি খরচ করছে’ বলেও তিনি অভিযোগ তোলেন।
পিএনএস/এএ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের
08-07-2026 03:45PM

