পরীক্ষার খাতায় শিক্ষককে 'আব্বু' সম্বোধন করে উত্তরপত্র জমা

  08-07-2026 01:36PM

পিএনএস, নোয়াখালী প্রতিনিধি: পাসের আশায় পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সংবোধন করে নম্বর চেয়ে আবেদন লিখেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। উত্তরপত্রে লেখা সেই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের এক শিক্ষক নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীর উত্তরপত্রের ছবি প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া উত্তরপত্রে দেখা যায়, প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে খাতায় সে লিখেছে, ‘স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো; কালকে শিখবো এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি।

তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু ... আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।

উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই শিক্ষার্থীর ভাষাগত ও শিক্ষাগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ কেউ এটিকে কোনো একক শিক্ষার্থীর ব্যর্থতা নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জের প্রতিফলন বলে মন্তব্য করেন।

উত্তরপত্রটি প্রকাশ করা শিক্ষক বলেন, ‘শিক্ষার বর্তমান বাস্তবতার একটি চিত্র তুলে ধরতেই উত্তরপত্রটি শেয়ার করেছি। কাউকে হেয় বা বিব্রত করা আমার উদ্দেশ্য ছিল না।’

তিনি আরো জানান, শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ. ন. ম. হাসান জানান, একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তরপত্রের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক নয়। তবে শিক্ষার্থীদের মৌলিক পড়া-লেখা ও ভাষাগত দক্ষতার ঘাটতি থাকলে তা অবশ্যই উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন