ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, ভোগান্তি

  08-07-2026 02:27PM

পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কের গর্তে বারবার পণ্যবাহী যানবাহন আটকে পড়া, দুর্ঘটনা এবং বিকল যানবাহনের কারণে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টির সময় সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন। তবে এর মধ্যেই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়।

বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়। সকাল সাড়ে ৮টার মধ্যে সরাইল উপজেলার শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি আজ সরানো হয়েছে। এসব কারণে যানজট বেড়েছে। গতকাল থেকেই পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন