আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত

  08-07-2026 11:11PM

পিএনএস ডেস্ক: আজ রাতেই হবে কঠিন হামলা-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

বুধবার (৮ জুলাই) ইরনা জানায়, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য।

এদিকে, আমেরিকার ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গাল্ফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেলায়েতি লেখেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরও একবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।

তিনি লেখেন, আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলো রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা এটা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের আঙুল ট্রিগারেই রয়েছে এবং ইরান চুপ করে থাকবে না।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন