রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

  08-07-2026 07:54PM

পিএনএস ডেস্ক: রাজধানীতে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপির অভিযোগে রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে স্টেশনটির ত্রুটিপূর্ণ দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএসটিআইয়ের উদ্যোগে রাজধানীর রমনা এলাকায় একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে ওই ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।

পরীক্ষা ও পরিদর্শনে দেখা যায়, ফিলিং স্টেশনটির দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ ১০০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ বেআইনি।

ডিজেল বিক্রিতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করে প্রতারণা করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এর পাশাপাশি পরিমাপে কারচুপির কাজে ব্যবহৃত ত্রুটিপূর্ণ ডিজেল ডিসপেন্সিং ইউনিট দুটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ও জ্বালানি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন