মসজিদে জানাজার নামাজ পড়া যাবে?

  11-07-2025 08:00PM

পিএনএস ডেস্ক: চিরন্তন অবিচল সত্য মৃত্যু। যে জন্মেছে সে মরবেই। পৃথিবীর প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকে ভুলে থেকে যায়, কিন্তু এর থেকে পালিয়ে বেড়ানো যায় না। আল্লাহ বলেন, ‘প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এবং কিয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হলো, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৫)

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমরা যেখানেই থাকো (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন।’ (সুরা নিসা, আয়াত : ৭৮)

আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা রাখে, তাদের নিশ্চিত থাকা উচিত, আল্লাহর নির্ধারিতকাল অবশ্যই আসবে।’ (সুরা আনকাবুত, আয়াত : ৫)

মানুষের মৃত্যুর পর জীবিতদের ওপর কিছু কর্তব্য রয়েছে। জীবিতদের কর্তব্য হলো, মৃত ব্যক্তিকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা ও দাফনের ব্যবস্থা করা।

জানাজা’ শব্দের অর্থ মরদেহ। জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া। জানাজার নামাজ শুধু পুরুষরা পড়বে। নারীরা নয়। জানাজা নামাজের জন্য পবিত্র থাকা আবশ্যক।

জানাজা মসজিদের বাইরে যেকোনো মাঠে-ময়দানে পড়া যায়। খোলা মাঠে জানাজা নামাজের জন্য নির্ধারিত স্থানে আদায় করা উত্তম।

রাসুলুল্লাহ (সা.)-এর সময়ও জানাজা মসজিদের বাইরে পড়া হতো। মসজিদে নববির পাশে একটি খালি জায়গা ছিল, রাসুলুল্লাহ (সা.) সেখানে জানাজা পড়তেন। (মুয়াত্তা মুহাম্মাদ, পৃষ্ঠা: ২৪৮)

অপারগতা ছাড়া মসজিদে জানাজার নামাজ পড়া মাকরুহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মসজিদের ভেতর জানাজার নামাজ আদায় করবে, তার কোনো সওয়াব হবে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৮৪)

সালেহ (রহ.) বলেন, জানাজার মাঠে জায়গা না হলে সাহাবিরা ফিরে যেতেন। নামাজে শরিক হতেন না। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ১২০৯৭)

এক হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) মসজিদেও দুজন সাহাবির জানাজার নামাজ আদায় করেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ৯৭৩)

এই দুই ধরনের হাদিসের মাঝে ইসলামি স্কলাররা এভাবে সমন্বয় করেছেন, স্বাভাবিক অবস্থায় জানাজার নামাজ মসজিদের বাইরেই আদায় করবে। আর কোনো প্রয়োজন থাকলে, যেমন বৃষ্টি হলে অথবা বাইরে পড়ার মতো ব্যবস্থা না থাকলে মসজিদের ভেতরও আদায় করা যাবে।

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন