রংপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  06-06-2026 02:08AM

পিএনএস ডেস্ক: রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। মৃত দুই শিশু হলো- পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের একটি পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাদেরকে পানি থেকে উদ্ধার করে ওপরে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন