কোরবানির পশুর মাংস বিক্রি করা জায়েজ কি?

  27-05-2026 09:34PM

পিএনএস ডেস্ক: কোরবানি ইসলামের এক মহান ইবাদত, যা কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং এর মাধ্যমে প্রকাশ পায় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার অনন্য শিক্ষা। প্রতিবছর পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি পালন করে থাকেন।

তবে দুঃখজনকভাবে দেখা যায়, কোরবানির ঈদের সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরবানির গোশত বিক্রির প্রবণতা তৈরি হয়। এ বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোরবানির গোশত বিক্রি করা কি বৈধ?

শরিয়তের বিধান অনুযায়ী, কোরবানির গোশত বিক্রি করা বৈধ নয়। কারণ কোরবানির পশু ও এর অংশগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত একটি ইবাদতের অংশ, যা বিক্রয়যোগ্য পণ্যে পরিণত করা ইবাদতের মূল উদ্দেশ্যের পরিপন্থি।

হাদিসে হজরত আলী (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি কোরবানির পশুর গোশত, চামড়া ও অন্যান্য অংশ সদকা করে দেন এবং জবাইকারীর পারিশ্রমিক তা থেকে প্রদান না করেন (মুসলিম: ১৩১৭)।

ফলে শরিয়ত অনুযায়ী কোরবানির পশুর কোনো অংশ, গোশত, চামড়া, চর্বি বা হাড় বিক্রি করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা বৈধ নয়। কেউ যদি ভুলক্রমে তা বিক্রি করে ফেলে, তাহলে সেই অর্থ সদকা করে দেওয়া আবশ্যক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন