পিএনএস ডেস্ক: জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি মক্কায় সদ্য হজ পালনকারীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন।
‘হজের পর হাজীদের ৩টি বিশেষ কাজ করা প্রয়োজন’ শিরোনামে তার ওই বক্তব্যের ভিডিও তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ৪ জুন ২০২৬। শায়খ আহমাদুল্লাহর বক্তব্যের সংক্ষীপ্তসার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শায়খ আহমাদুল্লাহ বলেন,মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মত যে হজ ফরজ হয় সে হজ আদায় করার পর যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনার জীবন আর কবে পরিবর্তন আসবে? আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমি প্রতিবছর দেখতে পাই সেটা হলো, হাজীরা মিনায় আরাফাত থেকে ফিরে এসে ১০ তারিখে তাওয়াফ ও সাঈ করে মিনায় গিয়ে তাবুতে উপস্থিত হওয়ার পর অনুভব করে যে আমি তো এবার ফ্রি হয়ে গেছি। এরপরে আড্ডা, গল্প-গুজব ও অনর্থক কাজে সময় নষ্ট করা শুরু হয়।
আপনারা এতদিন মসজিদুল হারামে মন ভরে তাওয়াফ ও ইবাদতের সুযোগ পান নাই। এখন সুযোগ তৈরি হয়েছে। এখন একটা তাওয়াফের যে স্বাদ, যে তৃপ্তি, যে দোয়া আপনি করতে পারবেন, এতদিন সেটা পারেন নাই। কারণ এখন আস্তে আস্তে প্রতিদিনই মানুষ কমবে, বাড়বে না। এই সুযোগ আপনি যদি কাজে লাগাতে না পারেন তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না।
যারা আরও কিছুদিন মক্কায় থাকবেন, দিনে যদি অন্তত একটা তাওয়াফ না করতে পারেন, আপনি নিজের কাছে নিজেকে অপরাধী মনে করবেন। শরিয়ত আপনার জন্য ফরজ-ওয়াজিব করে নাই, কিন্তু আপনি নিজের জন্য আবশ্যক করে নেবেন যে, আমি যেন প্রতিদিন অবশ্যই অন্তত একটা তাওয়াফ করতে পারি। সেটা ফজরের সময় হোক, জোহরের সময় হোক, আসরের সময় হোক, মাগরিবের সময় হোক, ইশার হোক, তাহাজ্জুদের সময় হোক। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। ওই সময় যদি আপনি তাওয়াফরত থাকেন, তাহলে তাওয়াফ করতে করতে দোয়া করবেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ওই নারীর মত হয়ো না, যে তার পাকানো সুতা শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। (সুরা নাহল: ৯২)
অর্থাৎ ওই নারী তার প্রফেশনাল কাজের অংশ হিসেবে দড়ি পাকান, কিন্তু দড়ি পাকানো শেষ হওয়ার পর গিট না বেঁধেই ছেড়ে দেন। ফলে পাকানো দড়ি খুলে আবার আগের মতো টুকরো টুকরো হয়ে যায়।
আপনি এখানে আল্লাহ তাআলা যতটুকু তওফিক দিয়েছেন আমল করেছেন ভাঙ্গাচোরা ভুল-ভালো মিলিয়ে। এখন আপনার কাজ হলো গিট দেওয়া যেন আমলগুলো নষ্ট না হয়।
এই হজ যেন আপনার জীবনে গভীর ছাপ ফেলে যায়। আপনার জীবন বদলে দেয়। আমার ভেতরে যেন এই পরিবর্তন আসে যে, আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর কাছে তওবা করেছিলাম আল্লাহ তুমি গুনাহ মাফ করো আমি এখন থেকে সঠিক পথে চলব। ওই কথা আমাকে রক্ষা করতে হবে। আপনি যদি ওই কথা রক্ষা করতে পারেন, তাহলে বলা যায় হজের পর গিট দিলেন। আর যদি আমি এরপরে আবার আগের মতোই হয়ে যান, তাহলে রশি পাকিয়ে গিট না দিয়েই ছেড়ে দিলেন।
সুতরাং ভাইয়েরা আমার, এখন সময় হলো নিজেকে পরিবর্তন করার সংকল্প করার। আমি আপনাদের কাছে মিনতি করি, আল্লাহর ওয়াস্তে জীবনের অবশিষ্ট অংশটা আল্লাহকে দিয়ে দেন। আমরা এখানে কেউ ছোট বাচ্চা নই। এখানে যারা আছি আমরা বেশিরভাগ মানুষই ৪০ প্লাস হয়ে গেছি। আমাদের জীবনের ক্রিম টাইম ইতোমধ্যে আমরা পার করে চলে এসেছি। যৌবন, তারুণ্য, কৈশোর পার করে এসেছি। এখন আমাদের জীবনের পরিবর্তনের জন্য একটা টার্নিং পয়েন্টের দরকার। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মত যে হজ ফরজ হয় সে হজ আদায় করার পর যদি আপনার জীবনে সেই টার্নিং পয়েন্ট না আসে, তাহলে আপনার জীবনের আর কখন ঘুরবে? এরপরে আর কখন ঘোরার জন্য আপনি অপেক্ষা করবেন?
আল্লাহ বলেছেন, যারা ইমান এনেছে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? মক্কায় আসার পর হজ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আপনার জীবনের রশির মাথায় গিট দিয়ে এটাকে ফিক্সড করে ফেলার সময় এখনো আসে নাই? মনে রাখবেন, শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে। শয়তান বলবে, হজ তো শেষ হয়ে গেছে। এখন ফেসবুকে, ইউটিউবে আবার ডুব দাও। তুমি আমার পুরনো জগতে ফিরে যাও।
আপনার কোন প্ল্যান নাই, কিন্তু আপনার জন্য যে শয়তান বরাদ্দ আছে, তার প্ল্যান আছে। সে জানে আপনি হজ করতে এসেছেন। সে জানে এখানে এসে আপনার অন্তর বিগলিত হয়েছে। সে জানে এখানে আপনি বদলে যেতে এসেছেন। আপনি যেন বদলাতে না পারেন সেজন্য সে চক্রান্ত করছে।
আপনাদেরকে দুটি কাজ করার অনুরোধ করবো:
এক. তওবা করুন। জীবন পরিবর্তনের তওবা। এরপর পরিকল্পনা করুন ও বাস্তব পদক্ষেপ নিন পরবর্তী জীবনে সেই তওবা ধরে রাখার জন্য। আল্লাহর কাছে তওফিক প্রার্থনা করুন।
দুই. দ্বীনদার সঙ্গী ও পরিবেশ গ্রহণ করুন। আপনার যে সঙ্গীরা দ্বীনের পথে বাধা হয়, তাদের সঙ্গে আল্লাহর খাতিরে ওঠাবসা কমিয়ে দিন। যে সঙ্গীরা আপনাকে দ্বীনের পথে চলতে সহায়তা করে, তাদের সঙ্গে সম্পর্ক বাড়ান।
আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমার হজ কবুল করে নেন। আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেন।
পিএনএস/এমএইউ
হজ শেষে হাজিদের করণীয়
05-06-2026 01:05PM

