পিএনএস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, শাজাহান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রিত নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করে অর্থপাচারের অভিযোগও তদন্তাধীন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, শাজাহান খান একজন আয়করদাতা। আয়কর আইন, ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী কোনো ব্যক্তির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি সংগ্রহের জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। তাই তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্নের মূল কপি জব্দ এবং পর্যালোচনার জন্য সত্যায়িত অনুলিপি সংগ্রহের অনুমতি চাওয়া হয়।
একই আবেদনে দুদক জানায়, সৈয়দা রোকেয়া বেগম তার স্বামীর সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে তার বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, সৈয়দা রোকেয়া বেগমও একজন আয়করদাতা। চলমান তদন্তের প্রয়োজনে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূল কপি জব্দ এবং প্রয়োজনীয় সত্যায়িত অনুলিপি সংগ্রহের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়।
উভয় আবেদন বিবেচনায় নিয়ে আদালত শাজাহান খান ও সৈয়দা রোকেয়া বেগমের আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট নথিপত্র জব্দের নির্দেশ দেন।
পিএনএস/রাআ
শাজাহান খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
29-06-2026 10:29PM

