টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় দুই ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

  26-06-2026 01:05AM

পিএনএস ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্পেশাল দায়রা জজ দিলার আলো চন্দনা এ রায় দেন। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাকি ১১ আসামিকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে আবুল কাশেম এবং হায়দার আলীর ছেলে মো. রওশন আলী ও মো. মোস্তাক।

স্পেশাল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহজাহান কবীর বলেন, ২০০৯ সালের ৯ জুলাই বাদী ওহাব সিকদারের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা হামলা ও মারধর করে। এ ঘটনায় ওহাবের চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই দুলাল ঢাকায় মারা যান। এ ঘটনায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ আগস্ট চার্জশিট দেন সখীপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

মামলা চলাকালীন তিন আসামি মৃত্যুবরণ করেন। পরে মামলার সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আবুল কাশেম ও রওশন আদালতে হাজির ছিলেন। অপর দণ্ডিত আসামি মোস্তাক পলাতক রয়েছেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন