প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল

  23-06-2026 02:09AM

পিএনএস ডেস্ক: মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল।

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে পটিয়ায় আনা হয়।

পারিবারিক সূত্র জানায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) সোমবার দুপুরে পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকার নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

মায়ের মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখা ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

প্রশাসন সূত্র জানায়, রাত ৯টা থেকে নির্ধারিত সময়ের জন্য মুক্তি পেয়ে আইয়ুব বাবুল পুলিশি নিরাপত্তায় পটিয়ায় আসেন। রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় অংশ নিয়ে আইয়ুব বাবুল মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। দীর্ঘদিন পর তাকে বাড়িতে দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, প্যারোলে মুক্তির আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে আইয়ুব বাবুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে চারটিতে উচ্চ আদালত থেকে জামিন পান। তবে পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন