অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা

  28-07-2026 01:13AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ায় সোমবারের জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বড় ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানা গেছে।

অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে শুলকবহর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ওঠার পর মুরাদপুর এলাকায় ইশারা দিয়ে অটোরিকশাটি থামান দুই ব্যক্তি। তারা নিজেদের ব্যাংকের চাকরিজীবী পরিচয় দিয়ে দ্রুত কর্মস্থলে যাওয়ার কথা বললে চালক তাদের গাড়িতে তুলে নেন।

এর কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাক-মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার হাতে থাকা ফাইল থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে অচেতন অবস্থায় কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সে গিয়ে এক পুলিশ সদস্যকে বিষয়টি জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম সেখানে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

নাজিয়াত নগরীর বহদ্দারহাট আল আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা শওকত আলীর ছেলে। ঘটনার কারণে তিনি সোমবার অনুষ্ঠিত জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলামের মোবাইলে আজ সোমবার রাত পৌনে ১১ টার দিকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন