হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

  27-07-2026 08:20PM

পিএনএস ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কায় একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করলে একটি নৌ-মাইনে আঘাত হানে এবং তাতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

২৬ জুন ইরান সতর্ক করে জানিয়েছিল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর সার্বভৌম অধিকার রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে তেহরান নির্ধারিত নৌপথই অনুসরণ করতে হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ইরানের নির্ধারিত নিরাপদ সামুদ্রিক চলাচলের করিডোর থেকে সরে গিয়ে এবং সতর্কতা উপেক্ষা করে নিরাপদ নৌপথের বাইরের একটি এলাকায় অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, সেখানেই নৌ-মাইনের বিস্ফোরণের শিকার হয় জাহাজটি।

দেশটির কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, অনুমোদিত নৌপথ ত্যাগ করে চলাচলকারী জাহাজকে সম্ভাব্য পরিণতি ও প্রতিক্রিয়ার দায় নিজেকেই বহন করতে হবে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের জেরে চলতি মাসে আবারও উত্তেজনায় জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত যুদ্ধবিরতি আর কার্যকর নেই।

এর পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন