পিএনএস ডেস্ক: কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে স্থাপন করা অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়েছেন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত আহত হয়ে পাঁচ বনকর্মী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মাঝে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ডিএফও আবদুল্লাহ আল মামুন।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন রামুর পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম জানান, সংরক্ষিত বনের জমি দখল করে পানের বরজ নির্মাণের অভিযোগে অভিযান চালানো হচ্ছিল। এসময় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর এলাপাথাড়ি হামলা চালান। এতে তিনি নিজেসহ পাঁচজন আহত হন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঝিলংজা বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন বলেন, আহতদের মধ্যে তিনজন ব্যাপক জখম হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তার মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে। অন্য দুজনের তিনটি করে সেলাই দেওয়া হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।
কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তবে ফোন না ধরায় হামলায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
পিএনএস/রাআ
বনের জমিতে পানের বরজ, উচ্ছেদে গিয়ে হামলার শিকার ৫ বনকর্মী
27-07-2026 10:33PM

