পিএনএস ডেস্ক: গোপালগঞ্জের উন্নয়নের মডেল এখন বগুড়ার শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৯ জুন) বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও হজরত খানজাহান (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
গণভোটে সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ জনরায় পাওয়ার পরও তা বাস্তবায়নে সরকারের অনীহা এবং বর্তমান প্রশাসনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপি নেতা বলেন, “গণভোটে সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। আমরা সেই ভোটাধিকারের লড়াই চালিয়ে যাব। সংস্কারের প্রশ্নে সরকারকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি যদি দেশের বিশাল এই জনগোষ্ঠীকে অস্বীকার করে, তবে সরকারের পতনধ্বনি বাজতে সময় লাগবে না।”
তিনি অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে এবং তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। বর্তমান সরকারের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ থেকে শুরু করে প্রশাসনে এবং ব্যাংকিং সেক্টরে অদক্ষ ও অনুগত ব্যক্তিদের বসানো হয়েছে। তিনি দাবি করেন, “গোপালগঞ্জের উন্নয়নের মডেল এখন বগুড়ার শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এই ধারা চলতে থাকে, তবে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তা অধরাই থেকে যাবে।”
বিএনপির বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের আত্মীয়স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করে তারা হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। তিনি শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের নামে ইউনিয়নের নামকরণের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আরাম-আয়েশে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, এখন সন্তানদের ঠিকাদারি কাজ দিয়ে যে নোংরা রাজনীতি জন্ম দিচ্ছেন, তা জনগণ মেনে নেবে না।”
বাগেরহাটে শেখ পরিবারের রাজত্বের সমাপ্তি ঘটায় স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ঐতিহ্যের ধারক হজরত খানজাহান (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানেই তা নিশ্চিত করা এনসিপির লক্ষ্য। এ সময় তার সাথে এনসিপির বাগেরহাট জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএনএস/এমএইউ
গোপালগঞ্জের উন্নয়নের মডেল এখন নেওয়া হচ্ছে বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
21-06-2026 12:20PM

