পিএনএস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ‘পরীক্ষা-নিরীক্ষা’ বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, বন্যা ও দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এবং প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার দুঃখ প্রকাশ করেনি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনি সব জায়গায় গিয়ে বলেন নকল চলবে না। কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরাই দেখিয়ে দিচ্ছে, এই স্টান্টবাজি আর চলবে না। হাঁটুসমান, এমনকি বুকসমান পানির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। তার ওপর প্রশ্নপত্রে ভুল রেখে তাদের মানসিক চাপের মধ্যে ফেলা হয়েছে। এরপরও সরকার একবারও দুঃখ প্রকাশের প্রয়োজন মনে করেনি।”
তিনি আরও বলেন, “শিক্ষামন্ত্রী, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই শিক্ষার্থীরাই আন্দোলন করে পরিবর্তনের পথ তৈরি করেছে। শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, কিন্তু দেশের শিক্ষার্থীদের ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের বক্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ বন্যার কষ্টে রয়েছে। কিন্তু এখনো অনেক এলাকায় সরকারের পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।
সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে থানায় গিয়ে মুচলেকা দিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি গ্যাসের অবৈধ সংযোগ, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগও তুলে ধরেন তিনি।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। কেউ যদি মনে করেন এভাবে দীর্ঘদিন চালিয়ে যাবেন, তাহলে ভুল করবেন। যখন জনগণ রাস্তায় নামে, তখন পালানোর সুযোগ থাকে না।”
পথসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থনের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।
পিএনএস/এএ
এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
14-07-2026 07:11PM

