সরকার গণভোটের রায় মানতে গড়িমসি করছে: ছাত্রশিবির সভাপতি

  18-07-2026 02:09AM

পিএনএস ডেস্ক: সরকার গণভোটের রায় মেনে নিতে গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবে দেশের আপামর জনতা রাজপথে নেমে ১৭ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে তাড়িয়ে দিয়েছে।

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটির আয়োজনে ৩৬শে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৭ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন অফসাইড হোম অফ ফুটবলে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, দেশের বিপ্লবী জনতা আর কোনো স্বৈরাচারকে মেনে নিবে না। জনগণের রায়কে গড়িমসি করলে জনগণ বসে থাকবে না। তাই অনতিবিলম্বে গণভোটের রায়কে মেনে নেওয়ার আহ্বান।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন