আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

  10-06-2026 10:21PM

পিএনএস ডেস্ক: শুধু গতি দিয়ে নয়, শরীরী ভাষাতেও চোখ রাঙানি দিয়েছেন নাহিদ রানা। তবে দুর্দান্ত বোলিংয়ে বাহ্বা পেলেও চোখ রাঙানি দেওয়ায় জুটেছে শাস্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে নাহিদকে।

সঙ্গে নাহিদের নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্টও। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি ঘটেছে প্রথম ওয়ানডের ১১তম ওভারে।

উইকেটরক্ষক লিটন দাসের হাতে জশ ইংলিসকে ক্যাচ দিতে বাধ্য করার পর অস্ট্রেলিয়ার অধিনায়কের দিকে আগ্রাসী ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন নাহিদ। বিপরীতে ইংলিসও তার দিকে এগিয়ে যান।

এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভাঙার অভিযোগ আনা হয়েছে নাহিদের বিরুদ্ধে। লেভেল-১-এর সর্বনিম্ন শাস্তি তাই তিরস্কার করা হয়েছে।

সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসে দ্বিতীয় অপরাধ ২৩ বছর বয়সী পেসারের। সেবার আয়ারল্যান্ডের ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মারায় ম্যাচ ফির ২৫ শতাংশ ও ১ ডিমেরিট পয়েন্ট জুটেছিল তার কপালে।

মিরপুরে প্রথম ওয়ানডে শেষে নাহিদের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ-গাজী সোহেল। তাদের সমর্থন জানান তৃতীয় ও চতুর্থ আম্পায়ার আহসান রাজা এবং মোরশেদ আলী খান।

অভিযোগের ভিত্তিতে পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তি দেন। নাহিদ শাস্তি মেনে নেওয়ায় পরে আর শুনানির প্রয়োজন পড়েনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন