পিএনএস ডেস্ক: নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে কয়েকদিন আগে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করলেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের উদ্বোধনী আসরে গড়া ৯৬ বছর পুরোনো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন।
১৯৩০ বিশ্বকাপের উদ্বোধনী আসরে যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনডের পর প্রথম উত্তর আমেরিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ডেভিড। তিনি ১৯৬৬ আসরের পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক দেশের মাটিতে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ও। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের জয়ে হার্স্ট টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম স্মরণীয় হ্যাটট্রিকটি করেছিলেন। এবার নিজের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে ডেভিডও একই কীর্তি গড়ে তিন গোল করলেন এক ম্যাচে। যাতে ভর করে কাতারকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কানাডা।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে ডান পায়ের ভলি শটে ডেভিড নিজের প্রথম গোলটি করেন। যা এক বছরেরও বেশি সময় পর ওপেন প্লে থেকে তার প্রথম গোল। এর আগে ১৬ মিনিটের গোলে কানাডাকে প্রথম লিড এনে দেন সাইল লারিন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রসবারে লেগে ফিরে আসা একটি শট থেকে গোলমুখের জটলার মধ্যে ডেভিড নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন।
এরপর নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। চোট কাটিয়ে উঠলেও এখনও বিশ্বকাপে না নামা আলফনসো ডেভিসকে সাক্ষী রেখেই যেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড বড় ইঙ্গিত দিয়ে রাখলেন। কানাডার পক্ষে নাথান সালিবা একটি এবং আরেকটি গোল আসে কাতারি ফুটবলারের আত্মঘাতী অবদানে।
১৯৩০ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২৩তম আসর চলছে। এখন পর্যন্ত ৫৩ ফুটবলার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ৫৬টি হ্যাটট্রিক করেছেন। মেসির পর সেই তালিকায় যুক্ত হলেন জোনাথন ডেভিড।
পিএনএস/এমএইউ
৯৬ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন কানাডার ফরোয়ার্ড ডেভিড
19-06-2026 12:45PM

