নাহিদের তাণ্ডবে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

  06-07-2026 05:05PM

পিএনএস ডেস্ক: একমাত্র টেস্টে হেরে সাদা বলের সিরিজের আগে মানসিকভাবে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে টাইগারদের পারফরম্যান্স। ঘুরে দাঁড়িয়ে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত শুরু বাংলাদেশের। বিশেষ করে পেসাররা দারুণ বোলিং করেছেন। হারারেতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা। নাহিদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাদের বোলিং তাণ্ডবে ১৪১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

হারারের মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগার পেসাররা।

৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। ৩৬ থেকে ৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে শেষ উইকেট জুটির কিছু প্রতিরোধে তারা ১৪১ রান পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন নাহিদ রানা। দুর্দান্ত গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থে ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। এছাড়া টাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নিলেন নাহিদ। এর আগে যৌথভাবে রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেল ৫.৫ ওভারে ২৬ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। নাহিদ ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।

১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে শুভসূচনা করার সুযোগ এখন বাংলাদেশের সামনে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন