নরওয়ে ম্যাচের আগে সুখবর পেলো ব্রাজিল শিবির

  04-07-2026 01:32PM


পিএনএস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল দল। শনিবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বড় সুখবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর থেকে মাঠের বাইরে থাকার পাশাপাশি দলের মূল অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। 

তবে ইনজুরি কাটিয়ে নরওয়ের ম্যাচের আগে সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিয়েছেন রাফিনিয়া। নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে দলের বাকি সতীর্থদের সঙ্গে তাকে পূর্ণোদ্যমে অনুশীলন করতে দেখা গেছে।

শুক্রবার (৩ জুলাই) দীর্ঘ বিরতির পর আবারও বল পায়ে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরান এই ফরোয়ার্ড। তবে নরওয়ে ম্যাচে রাফিনিয়া শুরু থেকেই মাঠে নামবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের একটি এএফপিকে জানিয়েছে, ম্যাচের দিন পর্যন্ত রাফিনিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। তবে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে পারেন তিনি।

ইতিহাস বলছে, বিশ্বমঞ্চে নরওয়ে বরাবরই ব্রাজিলের জন্য এক কঠিন প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসের এই পরাশক্তি এখনও পর্যন্ত নরওয়েকে কখনও হারাতে পারেনি। তাই শেষ ষোলোর এই নকআউট ম্যাচে রাফিনিয়ার দলে ফেরা ব্রাজিলের আক্রমণভাগকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, তা বলার অপেক্ষা রাখে না।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন